
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। আওয়ামী লীগের ভারতে নির্বাসিত কয়েকজন নেতার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী হাসিনা। তবে আইনি ও রাজনৈতিক বাস্তবতা তার ফেরার পথে বড় বাধা হয়ে রয়েছে।
চলতি সপ্তাহে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির হাজারো নেতাকর্মী কারাগারে রয়েছেন। দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হতে পারে।
গত আগস্টেও দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। এবার ভারতে নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতা গার্ডিয়ানকে জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী। তার ফেরার প্রস্তুতি হিসেবে দলের কয়েকজন নেতা ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন বলেও দাবি করেছেন তারা।
সোমবার শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধ জানানো ওই চিঠির একটি কপি গার্ডিয়ানের হাতে এসেছে।
কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। নতুন পাসপোর্ট না পেলে দেশে ফেরার সুযোগ তৈরি করতে ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন বলেও জানান তিনি।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর থেকেই তাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ভারত এখনো বাংলাদেশের এ দাবি উপেক্ষা করে আসছে। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রহণযোগ্য বন্দিবিনিময় প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফেরানো হতে পারে।
অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় তার নতুন পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই। রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ায় দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের দাবি, দলের নেতারাও শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান। তাদের অনেকে অনুপস্থিতিতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।
দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে, তা জেনেও তারা নিজেদের মানুষের কাছে ফিরে রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে চান।
দলটির সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি গত সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই গ্রেফতার হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় তার বিচার চলছে।
এদিকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিয়মিত কলকাতায় বৈঠক করছেন। তাদের অনেককে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতেও ডাকা হয়।
চলতি সপ্তাহে বার্তা সংস্থা এপিকে ই-মেইলে শেখ হাসিনা বলেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।’
তবে শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার বিচারের রায় হয়ে গেছে। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
পাসপোর্ট নবায়নের আবেদনকে হাস্যকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের আবেদন করতে পারেন না। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। বাংলাদেশ এ বিষয়ে ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য রাজনৈতিক স্টান্টবাজি। তার মতে, নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেদের কর্মীদের চাঙা করা এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ডিসেম্বর ঘিরে তৈরি হওয়া শঙ্কা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, গণঅভ্যুত্থানে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুশোচনা বা ক্ষমাপ্রার্থনা ছাড়া ফিরে আসার নজির নেই। দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব প্রচার চালাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, শেখ হাসিনার ক্ষমতার মূল ভিত্তি ছিল যে ক্ষমতাকাঠামো, তা এখন বিলুপ্ত।

























