
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি গণশৌচাগারে সন্তান প্রসবের পর নবজাতককে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইসলামপুর নাপিতখালী বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রসব-পরবর্তী অসুস্থতা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন ওই নারী। সেখানে তাঁকে নবজাতক ফেলে যাওয়া মা হিসেবে শনাক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নাপিতখালী বটতলী এলাকার একটি গণশৌচাগারে সন্তান প্রসব করেন ওই নারী। এরপর নবজাতককে সেখানে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। পরে নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
এদিকে সন্তান প্রসবের পর শারীরিক অসুস্থতা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই নারী ঈদগাঁওয়ের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর শারীরিক অবস্থা ও আচরণ সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে নবজাতক ফেলে যাওয়ার বিষয়টি সামনে আসে।
প্রাথমিক তথ্যানুযায়ী, ওই নারীর বাড়ি ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহাজেদ পাড়ায়।
বর্তমানে নবজাতক ও তার মায়ের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে কী কারণে ওই নারী নবজাতককে গণশৌচাগারে ফেলে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

























