
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকা থেকে বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে সদর থানাধীন ১ নম্বর বাবুরাইল মোবারকশাহ রোড এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই সাদ্দাম মল্লিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বাবুরাইল এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গণি মিয়ার টিনশেড বাড়িতে রাজনের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ‘MADE IN USA’ লেখা একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজন বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন এলাকার সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

























