
নুর মুহাম্মদ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে সৈনিক মো. তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রাখার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ দল অভিযান চালায়।
এ সময় সশস্ত্র মানবপাচারকারীরা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সৈনিক তিতাস শেখ। পরে সিএমএইচ রামুতে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
কর্তব্যরত অবস্থায় সেনাসদস্যের আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

























