
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ গণহত্যাকারী কোনো দলকে এ দেশে রাজনীতি করতে দেবে না।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে মাদ্রাসার দ্বিতীয় দিনের মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ আন্দোলনে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য। শাপলা চত্বরের ঘটনা এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বহু আলেম-ওলামাসহ সাধারণ মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তি যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ইসলামের নামে রাজনীতি করা কয়েকটি দলের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা ও শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার সুস্পষ্ট অঙ্গীকার নেই। অপরদিকে বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তি, তাদের এ দেশীয় দোসর এবং ইসলামের নামে রাজনীতি করা একটি দলের সংশ্লিষ্টতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন, অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের আগে স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আলেম-ওলামা।
দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। শুক্রবার রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

























