
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি),
খাগড়াছড়ির দীঘিনালায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন এবং ইসলামী ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হালিম।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

























