
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চতুর্থবারের মতো দানোত্তম কঠিন চীবর দান ও মহতী পূর্ণিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের পনছড়ি বন বিহারে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন এবং বুদ্ধের শিক্ষা ও আদর্শ অনুসরণের মধ্য দিয়ে পুণ্যকর্মে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা। এ ছাড়া উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জ্ঞানজ্যোতি চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি আল আমিন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সমীরণ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশান্তি অরণ্য কুটিরের শুভপ্রিয় মহাস্থবির ভান্তে, লংগদু তিনটিলার ধর্মলোক মহাস্থবির ভান্তে এবং অজলচুক বন বিহারের সত্যমুতি ভান্তে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পনছড়ি বন বিহার পরিচালনা কমিটির সভাপতি মেলে লাল চাকমা।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতি ও ঐতিহ্য অনুসরণ করে কঠিন চীবর দান সম্পন্ন হয়।


























