
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও প্রার্থী হতে পারলেন না আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তার পরিবর্তে শূন্য আসনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনীত করেছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।
গত ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মেঘনা আলম। পরে ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও দেখা করেন মেঘনা। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো সাজে উপস্থিত হয়ে আলোচনায় আসেন তিনি। তবে মেঘনা দাবি করেছিলেন, ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মতো সাজেননি তিনি।
মনোনয়ন না পাওয়ার বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মেঘনা আলম।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর বাছাই, ২৮ অক্টোবর আপিল, ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি এবং ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর।
আগামী ১২ নভেম্বর এ উপনির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

























