
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলার পর এবার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া আনাম। এরপর মামলা প্রত্যাহার করতে তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বাদীর। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
বাদীর দাবি, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে তাঁর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

























