
বিনোদন ডেস্ক,
ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অশালীন আচরণের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান তিনি।
স্বরা জানান, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে কাজের সুযোগ পান। একদিন রোমান্টিক দৃশ্যের রিহার্সালের কথা বলে তাকে একা ডেকে পাঠান পরিচালক।
পরিচালকের এমন প্রস্তাবে আপত্তি জানিয়ে স্বরা বলেন, রিহার্সালের সময় অভিনেতা ও ক্যামেরাপারসনসহ অন্যদেরও উপস্থিত থাকা উচিত।
এরপর গেস্ট হাউজে গিয়ে পরিচালক ও চিত্রগ্রাহককে মদপান করতে দেখেন তিনি। চিত্রনাট্য পড়ে সেখান থেকে নিজের ঘরে ফিরে যান অভিনেত্রী।
তবে মাঝরাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্বরার ভাষ্য, ওই পরিচালক তার ঘরের দরজায় কড়া নাড়তে শুরু করেন। একপর্যায়ে দরজা খুলতে বাধ্য হন তিনি। এরপর মদ্যপ অবস্থায় পরিচালক তাকে জিজ্ঞেস করেন—‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’
স্বরা জানান, পরিচালকের আচরণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।


























