
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বাংলাদেশে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিড উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসআর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চীন, কানাডা ও জার্মানির তিন প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগ চুক্তির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান এসআর প্যাসিফিক ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাটি পরিচালনা করবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের উৎপাদিত ক্লোরিন কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। উৎপাদিত পণ্যের শতভাগ বিদেশে রপ্তানির লক্ষ্য রয়েছে।
ইতোমধ্যে প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানি শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাসায়নিক শিল্পে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সুযোগ তৈরি হতে পারে।


























