
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া ও শওকত আলী রিয়াজের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিলটি ব্রাহ্মণগাঁও এলাকা থেকে শুরু হয়ে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির কার্যক্রমের প্রতিবাদ জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বলেন, তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন। ভবিষ্যতেও যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
এ সময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























