
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক কলেজছাত্রকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি কক্ষে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাই বাড়ি লামারপাড়া এলাকার মো. ফয়সাল (২৬), পিতা তোফায়েল আহমেদ প্রকাশ টুলু ড্রাইভার এবং একই এলাকার ইব্রাহিম (২৫), পিতা ফরিদুল আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ভুক্তভোগী সঞ্জয় কান্তি দাশ (১৭) বাসা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। পরে ঈদগাঁও বাজারের সিঙ্গার প্লাজার সামনে পৌঁছালে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে তাকে ঈদগাঁও-ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনির একটি কক্ষে আটকে রাখা হয়।
অভিযোগ রয়েছে, সেখানে আসামিরা সঞ্জয়ের পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে। পরে তার মোবাইল ফোন থেকে মায়ের কাছে ফোন করিয়ে বিকাশের মাধ্যমে আরও ৮ হাজার ৬৬০ টাকা আদায় করে।
ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে আটক করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত চাকুসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঈদগাঁও থানায় পেনাল কোডের ৩৯৪/৩৪ ধারায় মামলা হয়েছে। মামলাটি নম্বর-১২, তারিখ-২৯/০৯/২০২৬।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


























