
রাশেদ আহমেদ, মৌলভীবাজার,
মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। আহতদের মধ্যে সিএনজি অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের বাইতুল মামুর জামে মসজিদের সামনে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া থেকে একটি প্রাইভেটকার মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে মৌলভীবাজার থেকে কাঁচা কলা নিয়ে একটি সিএনজি অটোরিকশা কুলাউড়ার দিকে যাচ্ছিল। চাটুরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও তাঁদের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


























