
আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও দেশটির আটক সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনকে ‘ভুয়া’ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের নিশ্চয়তার বিনিময়ে দেশটির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আটক সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসন আগ্রহী।
প্রতিবেদনটি প্রকাশের পরই তা অস্বীকার করেন ট্রাম্প। এদিকে যুদ্ধের অবসান ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কাতারের মধ্যস্থতায় ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।


























