
লেখক: এম এস তরিকুল ইসলাম,
তরিকুল জীবনের দৌড়ে সবসময়ই তাড়াহুড়া করে। সিদ্ধান্ত নিতে গিয়ে সে কখনো ভেবেচিন্তে দেখে না—মনে হয় যেন সময়ের অভাবেই জীবন কাটিয়ে দিচ্ছে। একদিন চাকরির ইন্টারভিউ দিতে ঢাকা যাচ্ছিল। স্টেশনে দাঁড়িয়ে দেখল ট্রেন ঢুকছে। সে দৌড়ে উঠে পড়ল। বসার পর টিকিট চেকার এসে বলল
“আপনার গন্তব্য কোথায়?”
“ঢাকা।”
“কিন্তু এটা তো চট্টগ্রামের ট্রেন!”
তরিকুলের বুক ধক করে উঠল। সে জানত, এখনই যদি না নামে, তবে যতদূর এগোবে, ফেরার খরচ, সময় আর কষ্ট—সবকিছুই বহুগুণ বেড়ে যাবে।
কিছুক্ষণ দ্বিধায় কাটালেও সে ঠিক করল, প্রথম যে স্টেশনে থামবে, সেখানেই নেমে যাবে। সত্যিই, পরের স্টেশনে নামার পর সে সহজেই আবার ঢাকামুখী ট্রেনে উঠল। হয়তো কিছুটা সময় নষ্ট হলো, কিন্তু বড় ক্ষতি এড়াতে পারল।
এই ঘটনার পর তরিকুল বুঝল—
জীবনের যাত্রাপথও অনেকটা ট্রেন ভ্রমণের মতো। আমরা অনেক সময় ভুল সিদ্ধান্তে, ভুল সম্পর্কে, কিংবা ভুল পথে পা বাড়াই। তখন যদি সাহস করে দ্রুত নেমে আসতে পারি, তবে ক্ষতি কম হয়। কিন্তু যদি অহংকারে বা ভয়ে ভুল যাত্রা চালিয়ে যাই, তবে ফেরার খরচই হয়ে যায় অসহনীয়।
তরিকুল সেদিন নিজের ডায়েরিতে লিখেছিল—
“ভুল বুঝতে দেরি হলেও, ভুলে থেকে যাওয়ার চেয়ে ভুল থেকে বেরিয়ে আসা অনেক বেশি বুদ্ধিমানের কাজ।”


























