
আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের গুয়াহাটিতে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় তার সঙ্গে থাকা এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার যুবকের দাবি, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখছে। গুয়াহাটি পুলিশ কমিশনার দেওরি জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঘটনাস্থলে কোনো রক্তের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
নিহতের পরিবারের এক বন্ধুর দাবি, মৃত্যুর আগে ওই তরুণী তার মাকে ফোন করে বলেছিলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার ফোন কেড়ে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে হোমস্টের তত্ত্বাবধায়ক জানান, রাতে তিনি এক ব্যক্তির চিৎকার শুনেছেন। তার দাবি, পুরুষ কণ্ঠে ‘দাদা ওঠো, ওঠো’ বলে চিৎকার শোনা যায়।
নিহত তরুণী হিন্দু এবং গ্রেফতার যুবক মুসলিম হওয়ায় ঘটনাটি ঘিরে কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ঘটনাটিকে ‘লাভ জিহাদ’ বলে অভিযোগ করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করা হলেও পরে পুলিশের অনুরোধে তা তুলে নেওয়া হয়। তবে পুলিশ এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।


























