
রাশেদ আহমেদ, (মৌলভীবাজার) প্রতিনিধি,
‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিভিন্ন মহল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে তিনি ৫৭ সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, হেফাজতে হত্যাকাণ্ড, গুম এবং অবৈধভাবে ক্ষমতা দখলের অভিযোগের বিচার করার কথা বলেন।
বক্তব্যের একপর্যায়ে মিফতাহ সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনা ফিরতেই হবে।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুর হক চৌধুরী মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে জেলার সন্ত্রাস নির্মূল এবং প্রশাসনের ভূমিকার উন্নতি না হলে তিনি মৌলভীবাজারে আর আসবেন না।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপি দলকে সংগঠিত ও শক্তিশালী করেছে এবং নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।
সমাবেশে বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং বিভিন্ন বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পরে নেতা-কর্মীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।
এর আগে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, রোববার বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও মিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হবে।


























