
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশকে অস্থিতিশীল করার কথিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা তাঁতীদল।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত জেলা পরিষদ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা তাঁতীদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান ও জেলা তাঁতীদলের সভাপতি শুকুর মাহমুদ। সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল।
সমাবেশ শেষে জেলা পরিষদ ওভারব্রিজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক ও জনপথ বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জকে আর সন্ত্রাসের জেলায় পরিণত হতে দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতার তথ্য প্রশাসনকে জানিয়ে আইনি ব্যবস্থা নিতে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।


























