
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের বন্দর থানায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবীসহ বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বন্দর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি মো. আক্তার হোসেন (৪০), চুরি মামলার আসামি মো. সেলিম ভূঁইয়া (২৮) এবং দণ্ডবিধির ৩০৬ ধারার মামলার আসামি রহিমা বেগম (৪৬)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত পিয়েল (২৮), শাহজালাল হোসেন বাবু (২৯) ও আরমান (২৪) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মো. ইমরান হোসেন (৩৩), রাকিব হোসেন (৩৪) ও রবিন (২৬)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া রাতের অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


























