
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শামীম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার স্ত্রী ময়ূরী বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে ফারুক হোসেন খোকনের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন শরীয়তপুরের গোসাইরহাট থানার রানীশাহ এলাকার মৃত নুরু বেপারীর ছেলে। তিনি ইজিবাইক চালাতেন। আহত ময়ূরীও একই এলাকার বাসিন্দা।
প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে শামীম তার স্ত্রী ময়ূরীর গলায় ছুরি দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় ময়ূরী গলায় হাত দিয়ে বাসার বাইরে বেরিয়ে গেলে শামীম ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তার মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়ূরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই মোস্তফা জানান, শামীম ও ময়ূরীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।
শামীম ও ময়ূরীর তিন সন্তান রয়েছে—ফাহিম (১০), ফাতেমা (৪) ও ফিরিস্তা (১)। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


























