
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে চাঁনমারি মাইক্রো স্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে মাইক্রো স্ট্যান্ডটি নির্ধারিত নতুন স্থানে স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁনমারি মাইক্রো স্ট্যান্ড ও জেলা পরিষদের সম্মুখস্থ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা।
অভিযানে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, মিলিটারি এস্টেট অফিসার মেজর কামরুদ্দিন আহমেদ সুফি, র্যাব কমান্ডার মোহিত কবির, র্যাব টহল অফিসার ইয়ার হোসেনসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮০ থেকে ৯০ জন সদস্য উপস্থিত ছিলেন।
অভিযানকালে চাঁনমারি মাইক্রো স্ট্যান্ডের চারপাশের বাউন্ডারি ও অফিস কক্ষ ভেঙে অপসারণ করা হয়। পরে ওই স্থানটি কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়।
উচ্ছেদ অভিযান শুরুর সময় মাইক্রো স্ট্যান্ডের কয়েকজন শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা পুলিশ ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে অভিযান শেষ হয়।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
অভিযান শেষে কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত করা স্থানটি মিলিটারি এস্টেট অফিসার মেজর কামরুদ্দিন আহমেদ সুফির কাছে বুঝিয়ে দেওয়া হয়। অভিযানের সময় ও পরে কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


























