
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে ‘মেসার্স শিকদার স্টোর’ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ৮ সেপ্টেম্বর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারের ‘মেসার্স শিকদার স্টোরে’ তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় দোকানটিতে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, দইসহ নানা ধরনের মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্য তালিকা না টাঙানো এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফ্রিজ ও র্যাকে খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পান অভিযান পরিচালনাকারী দল।
এসব ভোক্তা-অধিকার বিরোধী অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স শিকদার স্টোরের মালিককে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, “অসাধু ব্যবসায়ীদের বিষয়ে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা জুড়ে এরকম তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে স্থানীয় পুলিশ প্রশাসন ও এনএসআই-এর প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।


























