
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম ও খতিবরা।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা কলমাকান্দা উপজেলার ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাতে এলাকার শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ডেপুটি স্পিকার কলমাকান্দার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইমাম-খতিবসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি মানুষের মধ্যে সহমর্মিতা, শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে তাঁদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় ইমাম ও খতিবরা কলমাকান্দার উন্নয়ন ও জনকল্যাণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিভিন্ন উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন। তাঁরা এলাকার মানুষের কল্যাণে তাঁর ভবিষ্যৎ কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।
সাক্ষাতের শেষে ইমাম ও খতিবরা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

























