
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
সম্প্রতি চীনের লিশুই শহরে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড ইস্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ-জুনিয়র ক্যাটাগরিতে একাই ২ টি রৌপ্য অর্জন করেছে সাওয়ানা খন্দকার। এ নিয়ে আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে বিভিন্ন কেটাগরিতে সর্বমোট ২৯ টি শিরোপা অর্জন করেছেন দেখিয়েছেন দশম শ্রেণীর ছাত্রী স্পিড স্কেটার সাওয়ানা খন্দকার।
চীনের আন্তর্জাতিক রোলার রোলার স্কেটিং প্রতিযোগীতায় সকল কেটাগরিতে অংশগ্রহনকারী ২ হাজার চৌকস স্কেটারের সঙ্গে প্রতিযোগীতা করেন সাওয়ানা। জুনিয়র-বি নারী বিভাগে ২০০ মিটার ডিটিটি ও ৫০০ মিটার ডি ইভেন্টে দ্বিতীয় স্থান করেন রূপগঞ্জের মেয়ে সাওয়ানা খন্দকার।
ওয়ার্ল্ড ইস্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ-জুনিয়র ক্যাটাগরির ওই প্রতিযোগীতায় বাংলাদেশ ৩ টি রৌপ্য ও ৪ টি ব্রোঞ্জ পদক জিতেছে। একই সঙ্গে ১২ জন খেলোয়ার চতুর্থ থেকে অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। আর এ সাফল্য অর্জন ও পারফরম্যান্সের ফলে এশিয়া মহাদেশে র্যাংকিয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করে। ওই প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে সিনিয়র পুরুষ বিভাগে মাহমুদ হোসাইন ১০০০ মিটার রেসে রৌপ্য পদক, জুনিয়র-এ পুরুষ বিভাগে ইরাব মুক্তাদির ৫০০০ মিটার রেসে রৌপ্য ও ২০০ মিটার ডিটিটি-২ এবং ৫০০ মিটার ডি ইভেন্টে দু’টি ব্রোঞ্জ পদক জেতেন।
সাওয়ানা খন্দকার ঢাকার ওয়ারীতে নিজ বাসভবনে বসবাস করেন। গ্রামের বাড়ী নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানাধীন তারবো পৌরসভার নোয়াপাড়া গ্রামে। মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে অধ্যায়নরত হলেও স্কেটিংয়ে তাঁর অদম্য ইচ্ছাই আজ বাংলাদেশের জন্য অসামান্য সাফল্য বয়ে এনেছে। ২০১৫ সাল থেকে স্কেটিং খেলা শুরু করে এরই মধ্যে আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে অনেক সাফল্য পেয়েছেন।
আন্তর্জাতিক পর্যায়ে এবারই প্রথম চীনের লিশুই শহরে আন্তর্জাতিক পর্যায়ে চমক সৃষ্টি করে ২ টি রৌপ্য জিতেছেন সাওয়ানা। জাতীয় পর্যায়ে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে ন্যাশনাল এবং বাংলাদেশ গেমসে অংশগ্রহন করে ২ বার প্রথম ও ১ বার দ্বিতীয় স্থান অর্জন করেন সাওয়ানা। ক্লাব পর্যায়ে বরাবরই প্রথম স্থান অর্জন করেছেন তিনি।
চীনে স্কেটিংয়ে নিজের সাফল্য নিয়ে সাওয়ানা খন্দকার বলেন, ‘এবারের আন্তর্জাতিক জয় শুধু আমার জন্য বিশেষ অর্জন নয়, এ জয় বাংলাদেশের। আগামিতে বাংলাদেশের খেলোয়াড়রা অলিম্পিকেও সাফল্য বয়ে আনবে বলে আমি আশাবাদি। আর সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি স্বনামধন্য রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাই আমরা। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতাসহ পরিবারের সাপোর্ট অনেক জরুরী। বিশেষ করে পড়াশোনার পাশাপাশি স্কেটিং করার বিষয়ে আমার মা মোরশেদা ইয়াসমিন ও বড় বোন সুরাইয়া খন্দকারের বিশেষ ভূমিকাই আমার এসব অর্জন সম্ভব হয়েছে। আর বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনিই আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলার সুযোগ করে দিয়েছেন।
সাওয়ানা খন্দকারের এই অর্জনে খুশিতে আত্মহারা তার জন্মভূমি নোয়াপাড়ার সর্বস্তরের বাসিন্দারা, এছাড়াও রূপগঞ্জের সকল শ্রেনীর মানুষ তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন।
সাওয়ানা খন্দকারের এই অর্জনের জন্য রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সংবর্ধনা জানানো হবে কিনা এবিষয়ে ইউএনও সাইফুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

























