
আন্তর্জাতিক ডেস্ক,
প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে একই সময়ে রমজান শুরু হয় না। হিজরি চন্দ্রবছর সৌরবছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন ছোট হওয়ায় প্রতিবছরই রমজান প্রায় ১০-১১ দিন করে এগিয়ে আসে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে রমজানের চাঁদ দেখার ওপর।
হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। পরদিন সোমবার থেকে শুরু হবে প্রথম রোজা।
চাঁদ দেখার ওপর নির্ভর করবে রমজান ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হতে পারে।
ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কুরআন নাজিল শুরু হয় বলে বিশ্বাস করা হয়।
রমজানজুড়ে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও অন্যান্য ইবাদতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা মাসটি পালন করেন।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাঁদ দেখার সময় সম্পর্কে আগাম হিসাব করা সম্ভব হলেও ইসলামি রীতি অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতেই সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ রমজান ও ঈদের চূড়ান্ত ঘোষণা দিয়ে থাকে।
























