
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় র্যালি, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিনাহালা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের দুই পাশে ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় ১ হাজার ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সুরক্ষাবেষ্টনীসহ রোপণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সড়কের দুই পাশে এসব গাছের চারা রোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম কেরণ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম ও রফিকুজ্জামান ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করছি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণেও আমাদের দায়িত্ব রয়েছে। সেই লক্ষ্যেই কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের দুই পাশে ১ হাজার ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গাছ নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মাধ্যমে আমরা মানুষের মাঝে ইতিবাচক বার্তা দিতে চাই।”
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
























