
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
মাদক, সন্ত্রাস ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়ার আহ্বান
নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস ও যানজটমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক দল, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মাওলানা মাইন উদ্দিন আহমেদসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি দপ্তর, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা, গ্যাস-বিদ্যুৎ ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইস্যু করা অস্ত্রের লাইসেন্স বাতিল, পুলিশের জনবল সংকট নিরসন, ফতুল্লা থানার হাজতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ব্যবস্থা গ্রহণ এবং বক্তাবলী এলাকায় মাদক নিয়ন্ত্রণে নৌ পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তাবলীতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিও উঠে আসে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও যানজটমুক্ত করতে রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছেন। নারায়ণগঞ্জের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাই একমত। তিনি বলেন, “আমি আপনাদের সঙ্গে নারায়ণগঞ্জের উন্নয়নের একজন অংশীদার হতে চাই।”
তিনি আরও বলেন, উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তার দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি বিগত দিনের অন্যায়ের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

























