
রাশের আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি,
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে রাজনগর উপজেলার উত্তর বড়কাপন গ্রামের আসুক মিয়ার বাড়ির সামনে সড়কের থেকে গাছের চারা রোপণ শুরু হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ব্যানারে উল্লেখ করা তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে দেশব্যাপী এলজিইডির এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে প্রায় ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
রাজনগরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল গনী, উপ-সহকারী প্রকৌশলী মোহাঃ খলিলুর রহমান এবং ছাত্রনেতা রেহান আহমেদ। এ ছাড়া স্থানীয় পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শুধু গাছ লাগানোর মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ না রেখে রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। এতে দীর্ঘমেয়াদে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিকে দেশব্যাপী একটি বড় পরিবেশগত উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় স্থানীয় মাটি, জলবায়ু ও জীববৈচিত্র্য বিবেচনায় উপযুক্ত দেশীয় প্রজাতির গাছ রোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রোপণ করা চারার বেঁচে থাকার হার নিশ্চিত করতে পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মৌলভীবাজারের অন্যান্য উপজেলার মতো রাজনগরেও এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। মৌলভীবাজারের অন্যান্য উপজেলায়ও এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

























