
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়ন সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
পরে উপজেলা যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, সিপিবি সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, উপজেলা নেতা কমরেড রুপন কুমার সরকার, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিমউদ্দিন এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সায়মন মিয়াসহ বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজের অধিকার প্রতিষ্ঠা, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ যুব ইউনিয়ন দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। যুবসমাজের ন্যায্য অধিকার ও গণমানুষের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দুর্গাপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদীচীর শিল্পীরা গান, কবিতা ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যুব ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি সিপিবি, ছাত্র ইউনিয়ন, ক্ষেতমজুর সমিতি, উদীচীসহ বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।


























