
লিটন রানা, ঝিনাইগাতী প্রতিনিধি,
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জুলুসে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জুলুসে দরুদ, সালাম ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, মানবতা ও উত্তম চরিত্রের সর্বশ্রেষ্ঠ আদর্শ।
তাঁর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ জশনে জুলুসে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

























