
মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,
শরীয়তপুরের জাজিরায় পবিত্র সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে সীরাত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাজিরা পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র্যালিটি বের হয়।
র্যালিতে ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। র্যালিটি জাজিরা পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে জাজিরা পুরাতন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। এ সময় তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
সীরাত র্যালিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ আবদুর রব হাশেমী, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, জামায়াত মনোনীত জাজিরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেসবাহ উদ্দিন সিকদার, শরীয়তপুর জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, জাজিরা থানা আমীর মাওলানা রুহুল আমিনসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি শেষে বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা ইসলামের শান্তি, মানবিকতা, ন্যায় ও সাম্যের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ আবদুর রব হাশেমী বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের প্রত্যেককে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ সীরাত র্যালির আয়োজন করা হয়েছে।

























