
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের চাড়ালজানী ব্রিজের উত্তর পাশে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে সৃষ্টি হয়েছে ময়লার ভাগাড়। এতে পচা-দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। এসব ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের এলাকায়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের দুর্গন্ধের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক শিক্ষার্থীকে সড়ক দিয়ে যাওয়ার সময় নাকে হাত দিয়ে চলাচল করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ময়লার পচা দুর্গন্ধ শুধু সড়কেই সীমাবদ্ধ নেই; আশপাশের বাড়িঘরেও তা ছড়িয়ে পড়ছে। এতে বসবাস করাও অনেকটা কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এভাবে ময়লা পড়ে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সুধীজনের মতে, লোকালয়ের পাশে এভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধের পাশাপাশি জীবাণু ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত ময়লার ভাগাড়টি অপসারণ করে নির্দিষ্ট ও লোকালয় থেকে দূরে নিরাপদ স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মধুপুর পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সড়কের পাশে ময়লা ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


























