
আন্তর্জাতিক ডেস্ক,
অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের পাহারায় দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারী প্রবেশ করে ধর্মীয় আচার ও প্রার্থনা করেছেন।
১৯৬৭ সাল থেকে চলে আসা প্রচলিত ব্যবস্থা অনুযায়ী, অমুসলিমদের আল-আকসা চত্বরে প্রবেশের অনুমতি থাকলেও সেখানে ধর্মীয় প্রার্থনা বা আচার পালন নিষিদ্ধ। এ অবস্থায় বসতি স্থাপনকারীদের এমন কর্মকাণ্ড নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পরবর্তীতে অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।
মুসলিমদের কাছে আল-আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। চত্বরটির মধ্যে রয়েছে ঐতিহাসিক আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক। ইসলামী বিশ্বাস অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এই স্থান থেকেই মিরাজে গমন করেন।
অন্যদিকে, ইহুদি ধর্মাবলম্বীদের কাছে একই স্থান ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত এবং তাদের প্রাচীন উপাসনালয়ের ঐতিহাসিক অবস্থানের কারণে এটিও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

























