
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ সফল ও সার্থকভাবে আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের জন্য উপযুক্ত খেলার মাঠ নির্বাচন এবং তা প্রয়োজনীয় সংস্কারের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
আজ ১১ আগস্ট (২০২৬) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও জনাব মোঃ নাজমুল ইসলাম টুর্নামেন্ট সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় টুর্নামেন্ট সফল করতে খেলোয়াড়দের উপযুক্ত খেলার মাঠ চিহ্নিতকরণ এবং দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা। টুর্নামেন্ট চলাকালীন দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা। খেলাধুলাকে সার্বজনীন ও উৎসবমুখর করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ক্রীড়া অনুরাগীদের সমন্বিতভাবে কাজ করাসহ সর্বসম্মতভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, ক্রীড়া অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে নিজ নিজ মূল্যবান মতামত ও সুচিন্তিত পরামর্শ তুলে ধরেন।

























