
মাহবুবুর রহমান (শান্ত),
রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৫৯ শতাংশ।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ জন শিক্ষার্থী।
সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে শুরু হয় আনন্দ-উল্লাস। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আনন্দে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। চলে মিষ্টি বিতরণও।
এবার বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ জন এবং মানবিক বিভাগ থেকে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এ ছাড়া ইংলিশ ভার্সন থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯৮ শিক্ষার্থীর মধ্যে ৭৮ জন পেয়েছে জিপিএ-৫।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসীর বাবা তরিকুল ইসলাম মেয়ের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে। ক্লাসের আগে ও পরে নিয়মিত বিশেষ ক্লাসের কারণেই এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
ফলাফল ঘোষণার পর এক অনানুষ্ঠানিক বৈঠকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা।
তিনি বলেন, শিক্ষার্থীরা এসএসসিতে কাঙ্ক্ষিত ফল করবে—এ বিষয়ে তাদের গভীর আস্থা ছিল। সবচেয়ে বড় বিষয়, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পায় না।
অধ্যক্ষ আরও বলেন, তার বিশ্বাস, এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ অভিযাত্রা অনেক দূর পর্যন্ত যাবে।
এদিকে কৃতী শিক্ষার্থীদের সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানসহ অন্যান্য সদস্যরা।
গত বছরের তুলনায় এবারও প্রতিষ্ঠানটির ফলাফলে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৯৪ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৩৫ জন।
আর একই বছর এইচএসসি পরীক্ষায় ৪২৩ জন জিপিএ-৫সহ পাসের হার ছিল ৯৯ দশমিক ৯১ শতাংশ।
এবার এসএসসিতে ৭৯৩ জনের জিপিএ-৫ এবং ৯৯ দশমিক ৫৯ শতাংশ পাসের হার—সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্যেরই আরেকটি উদাহরণ।

























