
আহম্মেদ আল ইভান,ফরিদপুর
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সঙ্গে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নবাগত ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
“এ সময় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অপরদিকে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, প্রশাসন, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি পেলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।
সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।























