
এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত সোমবার (৬ জুলাই) পাইকগাছা উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি পাইকগাছা পৌরসভার পানি ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরবাসীর জন্য আরও কার্যকর, পরিচ্ছন্ন ও টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
একই দিনে তিনি উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভায় অংশগ্রহণ করেন। সভায় শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এছাড়াও তিনি কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























