
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। এ সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৬২ জন।
শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিসংখ্যান অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৫৫৬ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন। স্বাস্থ্য অধিদপ্তর–এর তথ্য অনুযায়ী, পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
























