
ফারহান ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি,
জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪ টায় পাঁচবিবি মডেল প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকাটির জয়পুরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলামের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব, উপদেষ্টা বাবুল হোসেন ও মিজানুর রহমান, সভাপতি বদরুদ্দোজা সবুজ, সহসভাপতি আসাদুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক ফারহান ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রতন, কোষাধ্যক্ষ মাবুদ হোসেন, সদস্য আতিকুর রহমান, আরিফুল ইসলাম, মাফিজুল ইসলাম, আবু হানিফ ও আব্দুর রব তুষারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব বলেন, সংবাদমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সত্যনিষ্ঠা বজায় রাখতে হবে। তিনি পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও পাঠকপ্রিয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উপদেষ্টা বাবুল হোসেন বলেন, একটি সংবাদপত্রের সাফল্য নির্ভর করে পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতার ওপর। স্থানীয় মানুষের সমস্যা সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে পারলে পত্রিকাটি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে সংবাদপত্রের দায়িত্বশীল ভূমিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মান বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
শেষে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

























