
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শিবু মার্কেট, জালকুড়ি, স্টেডিয়াম-লামাপাড়া ও চাষাড়া-সাইনবোর্ড লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় আবির ফ্যাশন, টাইম সোয়েটার, মেট্রো গার্মেন্টস, ফকির গার্মেন্টস ও মডার্ন গার্মেন্টসসহ আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে প্রায় ১০ থেকে ১২ হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে চাষাড়া-সাইনবোর্ড লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রথমে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ সাইনবোর্ড এলাকার দিকে অগ্রসর হতে চাইলে স্টেডিয়াম-লামাপাড়া সংলগ্ন সড়কে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির সহায়তায় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান। বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে চাষাড়া-পুলিশ লাইনস সড়কের আমেনা গার্মেন্টস, রিচ ফ্যাশন ও ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিকরা সড়কে নেমে এলে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় কয়েকজন বহিরাগত শ্রমিকদের উসকানি দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করা হয়।
শ্রমিকদের অবরোধের কারণে শিবু মার্কেট থেকে জালকুড়ি এবং চাষাড়া-সাইনবোর্ড লিংক রোডের বিভিন্ন অংশে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রী, পথচারী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েন।
ঘটনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিবু মার্কেট, পুলিশ লাইনস সড়ক, বিসিক শিল্পনগরী ও চাষাড়া মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় জেলা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার উদ্যোগও নেওয়া হয়।
অন্যদিকে চাষাড়া মোড়, বিকেএমইএ ভবনসহ আশপাশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রাথমিক তথ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হওয়ার কথা জানা গেছে। তবে শ্রমিকদের মধ্যে হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিকেল সাড়ে ৫টার দিকে শিবু মার্কেট, জালকুড়ি ও চাষাড়া-সাইনবোর্ড লিংক রোডসহ সংশ্লিষ্ট এলাকায় শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের অবসান ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল শুরু হয়েছে।
তবে ভবিষ্যতে শ্রমিক অসন্তোষ থেকে পুনরায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় সংশ্লিষ্ট শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল, বিজিবি মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সদর থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

























