
এম জালাল, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ‘আদর্শ লাইব্রেরি’। লাইব্রেরির উদ্যোগে শনিবার (০৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
এদিন নবম ও দশম শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির মোট ১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের বই বিতরণ করা হয়। শিক্ষা সহায়তায় এমন উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মোঃ হাসান উজ জামান, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান এবং সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলু।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ রিজাউল করিন হাজরা, হাবিবুল্লাহ গাজী, আল মামুন, আলমগীর হোসাইন, এনামুল আহমেদ, বাকি বিল্লাহ, হাফেজ আবু সাঈদ, সাইফুল্লাহ ফকির, মিজানুর রহমান, তৈয়বুর রহমানসহ আদর্শ লাইব্রেরি ও ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত। তারা আরও উল্লেখ করেন, আদর্শ লাইব্রেরি শুধু জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে নয়, বরং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মহলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

























