
তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
৩ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে মোট ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬,১০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯০০ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৮৭.১৬ শতাংশ।
এবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যাবসা প্রশাসন অনুষদ এবং নতুন কলা ভবনে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘বি ইউনিটের পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঁচটি কন্ট্রোল রুমের মাধ্যমে সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং নতুন কলা ভবনের ১০৬টি কক্ষে অনুষ্ঠিত হয়। আমরা বেশ কয়েকটি কক্ষ পরিদর্শন করেছি। প্রতিটি কক্ষেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নের মান ভালো হয়েছে এবং ভালোভাবে পরীক্ষা দিচ্ছে বলে কয়েকজন শিক্ষার্থী আমাদের জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে পরীক্ষা সম্পন্নে সহযোগিতা করছেন। সকলের সহযোগিতার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।’ আগামী ১০ এপ্রিল এ ইউনিট ও ব্যবহারিক পরীক্ষাতেও সকলের সহযোগিতা কামনা করেন মাননীয় উপাচার্য।
আগামী ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা। ‘এ’ ইউনিটে এ কেন্দ্রে ১০,৩৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, দেশের ২০টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এবার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে ১,১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
























