
চঞ্চল,
লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ও ২৯ মার্চ রাতে লালমনিরহাটের কালীগঞ্জ ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে এই অভিযান চালানো হয়। বুড়িরহাট বিওপির বিশেষ টহল দল কালীগঞ্জের তেতুলতলা এলাকায় এবং বাগভান্ডার বিওপির দল ভুরুঙ্গামারীর কুটিপাড়া নামক স্থানে অবস্থান নেয়।
অভিযান চলাকালীন কতিপয় সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি ধাওয়া করলে তারা সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ১৯৯ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানিয়েছেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তিনি বলেন, “সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।” মাদক নির্মূলে বিজিবি’র এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জব্দকৃত মাদকদ্রব্য নিয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

























