
ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও পথচারী মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন উদ্দীপ্ত তরুণ পরিবার।
সংগঠনটির উদ্যোগে দিনাজপুরের হিলি ওয়ালটন মোড়ে আজ বিকেল ৪টায় মাত্র ৫ টাকায় প্রায় ৫০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে নিম্নআয়ের মানুষ, পথচারী ও শ্রমজীবী মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। স্বল্প মূল্যে ইফতার পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি নাইম বলেন, রমজানের মূল শিক্ষা হলো সহমর্মিতা ও মানবতার চর্চা। সেই চিন্তা থেকেই আমরা প্রতীকী ৫ টাকার বিনিময়ে ইফতার বিতরণের আয়োজন করেছি, যাতে নিম্নআয়ের মানুষ সহজেই ইফতার করতে পারেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহিম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। রমজানের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তরুণদের এমন সামাজিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন।
























