
মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী তাহের মল্লিকের কান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো কুতুবপুর দারুল উলুম মাদ্রাসার শিক্ষক আবু নাঈমের ছেলে সিয়ম (৩) ও একই গ্রামের দুলাল মল্লিকের ছেলে আবদুল্লাহ (৪)। তারা মামা-ভাগিনা এবং খেলার সঙ্গী ছিল।
স্থানীয় বাসিন্দা আজহার মোল্লা বলেন, “বাচ্চা দুইটা প্রতিদিন সকালে একসাথে খেলতো। সেদিনও খেলতে বের হয়, কিন্তু আর ফিরে আসেনি। যখন পুকুরে তাদের লাশ ভাসতে দেখি, গ্রামের কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।”
আরেক স্থানীয় নারী রুবিনা বেগম জানান, “আমরা প্রথমে ভেবেছিলাম বাচ্চারা হয়তো পাশের বাড়িতে গেছে। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে তাদের দেহ পাই। ওই দৃশ্যটা আমরা কখনো ভুলতে পারবো না।”
নিহত শিশু সিয়মের বাবা শিক্ষক আবু নাঈম বলেন, “আমার সিয়মটা খুব শান্ত ছিল। কে জানত এটাই শেষ সকাল ছিল ওর জীবনের! আল্লাহ যেন এই কষ্ট কাউকে না দেন।”
এ বিষয়ে নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর ঢালী বলেন, “এটা খুবই মর্মান্তিক ঘটনা। দুটি পরিবারের সব কিছুই যেন থেমে গেছে এই দুর্ঘটনায়। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং সকলকে শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।”

























