
রাশেদ আহমেদ, মৌলভিবাজার:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
এ সময় মৌলভীবাজার-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এম নাসের রহমানের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জেলায় তৃণমূলে বইতে থাকে আনন্দের জোয়ার।
দলীয় নেতাকর্মীরা জানান, রাজপথের নিবেদিতপ্রাণ হিসেবে এম নাসের রহমান সবসময়ই দলের কঠিন সময়ে পাশে থেকেছেন। তাঁর প্রতি দলের এই মূল্যায়নে তৃণমূল আনন্দিত ও অনুপ্রাণিত।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষায়, ‘রাজপথ কখনোই বেইমানি করে না। দল এম নাসের রহমানকে যথার্থভাবে মূল্যায়ন করেছে। আমরা দলের কাছে চিরঋণী হয়ে থাকবো। তাঁকে বিজয়ী করে মৌলভীবাজার-৩ আসনটি বিএনপিকে উপহার দিতে চাই।’
মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে নাছির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ (কুলাউড়া) শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মো. মুজিবুর রহমান চৌধুরী হাজি (মুজিব)।

























