
নিজস্ব প্রতিবেদক, বাহুবল:
হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বাহুবল উপজেলা সভাকক্ষে এক সালিশ বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সূত্রে জানা যায়, অমৃতা খাগাউড়া গ্রামের জলমাল সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। চিকিৎসকরা জানান, তিনি হার্ট অ্যাটাকে মারা যান।
চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ছিলেন একজন ন্যায়পরায়ণ ও সৎ জনপ্রতিনিধি। সামাজিক বিচার ও জনসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
স্থানীয়রা বলেন, “তিনি ছিলেন জনগণের প্রকৃত অভিভাবক। নীরবে নির্বিবাদে মানুষের উপকার করে গেছেন সারাজীবন।”
তার মৃত্যুতে ইউনিয়নজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
মরহুমের জানাজা নামাজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে বাহুবল উপজেলার হামিদনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
পরিবার ও স্থানীয়রা সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন—আমিন।

























