স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অফিস সহকারী তোফাজ্জেল হোসেনকে লাঞ্ছিতকরণের প্রতিবাদ- অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং উপজেলায় নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার -৫ নভেম্বর- বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আরশী আজহার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানসহ অনেকে।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ৪ নভেম্বর বাদী ও বিবাদী পক্ষকে নিয়ে আদালতের একটি মামলা তদন্তকালীন সময়ে নিজ কার্যালয়ে কিছু যুবকের হামলার শিকার হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অফিস সহকারী।
উক্ত ঘটনায় ঐ দিনই সন্ধার দিকে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।

























