
স্পোর্টস ডেস্ক,
বয়স মাত্র ১৯। উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। এখনো সান্তিয়াগো বার্নাব্যুর মূল মঞ্চে নিয়মিত দেখা যাওয়ার সময় আসেনি। তবে এই তরুণের মধ্যেই ভবিষ্যতের বড় তারকার সম্ভাবনা দেখছে রিয়াল মাদ্রিদ।
রেসিং সান্তান্দার থেকে ৩৫ লাখ ডলারের কিছু বেশি অর্থে মিডফিল্ডার সার্জিও মার্তিনেজকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তার সঙ্গে রিয়ালের চুক্তি হয়েছে ২০৩০ সাল পর্যন্ত।
তবে আপাতত মূল দলে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না মার্তিনেজ। ক্লাবের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে রিয়ালের যুব দল কাস্তিয়ার হয়ে খেলবেন তিনি। পারফরম্যান্স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে মূল দলে জায়গা করে নেওয়ার পথ তৈরি হবে।
এমনকি চলতি মৌসুমে কাস্তিয়া এবং রিয়ালের মূল দলের মধ্যে তার খেলার সময় ভাগ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
মার্তিনেজকে পেতে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা কম ছিল না। বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের মতো ক্লাবের পাশাপাশি প্রিমিয়ার লিগের কয়েকটি দল এবং সৌদি আরবের ক্লাবও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল।
শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে মার্তিনেজকে নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রেসিং সান্তান্দারের সঙ্গে মার্তিনেজের সম্পর্কও ছিল দীর্ঘদিনের। মাত্র ১০ বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। অনূর্ধ্ব-১১ দল থেকে শুরু করে একাডেমির বিভিন্ন ধাপ পেরিয়ে জায়গা করে নেন সিনিয়র দলে।
রেসিংয়ের মূল দলের হয়ে ১৫টি ম্যাচও খেলেছেন এই তরুণ মিডফিল্ডার।
মার্তিনেজকে বিদায় জানিয়ে রেসিং সান্তান্দার জানিয়েছে, তাদের একাডেমি থেকে উঠে এসে ক্লাবকে গর্বিত করেছেন তিনি। নতুন ঠিকানায় গেলেও এল সার্দিনো স্টেডিয়াম সবসময়ই তার কাছে নিজের ঘরের মতো থাকবে।
এখন দেখার বিষয়—রিয়ালের দীর্ঘমেয়াদি এই বাজি ভবিষ্যতে কতটা সফল হয়। বার্নাব্যুর আলোয় সার্জিও মার্তিনেজের নাম দেখতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন শুরু।

























